কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে স্ত্রীকে আনতে গিয়ে নৃশংস হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন মোঃ আক্তারুজ্জামান রুবেল (২৫)। এই ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান দুই আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানায়, নিহত রুবেল বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল তরফদারের ছেলে। প্রায় পাঁচ বছর আগে মোছাঃ জেসমিন খাতুনের সঙ্গে তার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।
গত ১৭ এপ্রিল সকালে পারিবারিক কলহের জেরে জেসমিন খাতুন বাবার বাড়িতে চলে যান। পরে স্ত্রীকে আনতে গেলে পূর্বপরিকল্পনা অনুযায়ী জেসমিন, তার ভাই মিজানুর রহমানসহ কয়েকজন মিলে রুবেলের ওপর হামলা চালায়। বাঁশের লাঠি, লোহার রড ও কাঠের টুকরা দিয়ে এলোপাতাড়ি মারধরে রুবেলের মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ এপ্রিল রাতে তিনি মারা যান।
এ ঘটনায় ২৫ এপ্রিল নিহতের বাবা বাদী হয়ে ভুরুঙ্গামারী থানায় দণ্ডবিধির ১৪৩/৩০২/৫০৬/১১৪/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র্যাব আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ (রংপুর) ও র্যাব-১ (উত্তরা) এর যৌথ দল ২৯ এপ্রিল বিকেলে গাজীপুরের বাসন থানার কলম্বিয়া রোড এলাকায় অভিযান চালিয়ে প্রধান দুই আসামি মিজানুর রহমান (৩৮) ও জেসমিন খাতুন (২৩)-কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
রংপুর র্যাব ১৩ অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান,হত্যা, অপহরণ, ধর্ষণসহ সকল গুরুতর অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : রংপুরে চিকিৎসা শেষে ফেরার পথেই শেষ যাত্রা: বাবা–মেয়েসহ সড়কে ঝরল ৪ প্রাণ


