জয়পুরহাটে ভূমি সেবা সহজ করতে এবং সাধারণ মানুষের হয়রানি কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে ভূমি সংক্রান্ত যেকোনো অভিযোগ সেবাগ্রহীতারা সরাসরি ঊর্ধ্বতন কর্মকর্তাদের মোবাইল ফোনে জানাতে পারবেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে জয়পুরহাট সদর উপজেলা ভূমি অফিস চত্বরে এই সেবার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মো. আল-মামুন মিয়া।
জানা গেছে, সেবাগ্রহীতাদের অভিযোগ জানাতে এখন থেকে ভূমি অফিসে বিভাগীয় কমিশনার এবং অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) ফোন নম্বর দেওয়া ব্যানার দৃশ্যমান স্থানে টাঙানো থাকবে। ফলে যে কেউ বিনা দ্বিধায় তাদের সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কেউ অভিযোগ করলে তার নাম-পরিচয় শতভাগ গোপন রাখা হবে। তদন্তে কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের সত্যতা পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না, নেওয়া হবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশির-উর-রহমান। এছাড়াও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব বিশ্বাস, জয়পুরহাট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. মামুনুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পড়ুন : ভৈরবে ৭ মাসের শিশুর লাশ উদ্ধার: বাবার বিরুদ্ধে হত্যার অভিযোগ, পলাতক দাদি


