মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে একটি কার্গো জাহাজে হামলার ঘটনায় আবারও উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাজ্যের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (৪ মে) প্রণালির কাছে ইরানের উপকূলসংলগ্ন এলাকায় ছোট নৌযান থেকে জাহাজটিকে একাধিকবার আঘাত করা হয়।
ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)-এর বরাতে নিউইয়র্ক পোস্ট জানায়, ইরানের সিরিক উপকূলের অদূরে, হরমুজ প্রণালির পূর্বদিকে এ ঘটনা ঘটে। আক্রান্ত জাহাজটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
হামলার পর জাহাজের সব নাবিক নিরাপদ আছেন বলে নিশ্চিত করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
এর আগে ইরান সতর্ক করে জানিয়েছিল, প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে ‘টোল’ দিতে হবে এবং যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই—এটি প্রমাণ করতে হবে।
প্রাথমিক তথ্যে জানা যায়, জাহাজটি পারস্য উপসাগরের দিকে উত্তরমুখী ছিল, অর্থাৎ এটি প্রণালির ভেতরে প্রবেশ করছিল।
ইরানের সঙ্গে চলমান সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় অন্তত দুই ডজন হামলার ঘটনা ঘটেছে। ২২ এপ্রিলের পর এটিই প্রথম হামলা।
বিশ্লেষকদের মতে, ধারাবাহিক হুমকি ও আক্রমণের মাধ্যমে তেহরান কার্যত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটিকে অচল করে তুলেছে।
যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের নৌবাহিনী বড় ক্ষতির মুখে পড়েছে, তবুও ইসলামিক রেভুলুশনারি গার্ড কর্প (আইআরজিসি) এখনো ছোট টহল নৌযানের শক্তিশালী বহর ধরে রেখেছে, যা প্রণালির নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নির্দেশ দিয়েছেন, কোনো ছোট নৌযান যদি বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি সৃষ্টি করে, তবে তাৎক্ষণিকভাবে গুলি করে ধ্বংস করতে হবে।
পড়ুন: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, ফলাফলের অপেক্ষা
আর/


