রাজধানীর নতুন শহর পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, তার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিকসহ অন্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলমের আদালতে এসব মামলার বাদীরা জবানবন্দি দেন।
এর আগে গত ৩১ জুলাই এই তিন মামলাসহ মোট ছয়টিতে শেখ হাসিনা ও তার দুই সন্তান, শেখ রেহানা ও তার তিন সন্তানের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম এবং বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। ওইদিন পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়।
অপর তিন মামলায় গত ১১ আগস্ট শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা মামলায় বাদী হিসেবে সাক্ষ্য দেন দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ও সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান।
অভিযোগপত্র অনুযায়ী, আসামিরা বরাদ্দ পাওয়ার যোগ্য না হয়েও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কের ৬টি প্লট নিজেদের নামে বরাদ্দ নিয়েছেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর বিভিন্ন ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
দুদকের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং রেহানার দুই সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক–মোট ছয়জনের নামে ২০২২ সালে রাজউক এই প্লট বরাদ্দ দেয়। প্রতিটি প্লটের আয়তন ১০ কাঠা।
চলতি বছরের ১২, ১৩ ও ১৪ জানুয়ারি আলাদা ছয়টি মামলা করে দুদক। বর্তমানে আসামিরা সবাই পলাতক।
পড়ুন : প্লট বরাদ্দ : হাসিনার বিরুদ্ধে আদালতে যা বললেন ৩ সাক্ষী


