ঢাকা কলেজে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সারাদেশের সব সরকারি কলেজে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। একই সঙ্গে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তারা কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করছেন।
গতকাল সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহ্যবাহী ঢাকা কলেজে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের ওপর হামলা এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুরের ঘটনায় সংগঠনটি গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং সদস্য সচিব ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়, ঢাকাসহ দেশের সব সরকারি কলেজের শিক্ষকরা এদিন সর্বাত্মকভাবে কর্মবিরতিতে অংশ নিচ্ছেন। কর্মসূচি সফল করতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সব কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন ঘটনার মাধ্যমে শিক্ষাঙ্গনে যে অস্থিরতা ও ভীতির পরিবেশ সৃষ্টি হয়, তা পুরো শিক্ষা ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।
উল্লেখ্য, সোমবার (১৩ অক্টোবর) সকালে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা পদযাত্রা শুরু করলে ঢাকা কলেজ প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ সময় এক শিক্ষার্থী শিক্ষকদের ‘দালাল’ বলে মন্তব্য করলে তাকে কমনরুমে আটকে রাখা হয়। পরে সহপাঠীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে তাকে ছাড়িয়ে নেয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হলেও কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পড়ুন : দ্বিতীয় দিনে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, আজ ‘মার্চ টু সচিবালয়’


