গতির ঝড়, বাউন্স আর একের পর এক উইকেট—প্রথম দিনেই ধস নামল দুই দলের ব্যাটিংয়ে। এক দিনেই পতন হলো দুই দলের ১৯টি উইকেট। ঐতিহ্যবাহী অ্যাশেজের গত ১০০ বছরে প্রথম দিনে যা সর্বোচ্চ উইকেট পতনের রেকর্ড।
অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসের শুরুটা হয়েছিল অস্ট্রেলিয়ার বোলারদের দাপটে। কামিন্স–হ্যাজলউডকে ছাড়াই আক্রমণ নেতৃত্ব দিতে নেমে মিচেল স্টার্ক যেন একাই গুঁড়িয়ে দিলেন চিরপ্রতিদ্বন্দ্বী ইংলিশ ব্যাটিং অর্ডার। বিধ্বংসী স্পেলে একাই শিকার করেন ৭ উইকেট। তাতে মাত্র ৩২.৫ ওভারে ১৭২ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। অ্যাশেজে এক ইনিংসে এর চেয়ে কম ওভার ইংল্যান্ড খেলেছে মাত্র একবারই, সেটিও ১৮৮৭ সালে।
অল্প রানে গুটিয়ে যাওয়ার পর বল হাতে পাল্টা আক্রমণ ইংল্যান্ডের। অস্ট্রেলিয়ার ইনিংসের মাত্র দ্বিতীয় বলেই জোফরা আর্চার ডেবিউ করা ওয়েদারাল্ডকে শূন্য রানে সাজঘরে পাঠান। সেই যে শুরু। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে বাকি কাজটা সারলেন অধিনায়ক বেন স্টোকস। তার ঝুলিতে গেল ৫ উইকেট। প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৯ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান। ৪৯ রানে পিছিয়ে থেকে আগামীকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করবে তারা।
পড়ুন : ব্যাটের পর বোলিংয়ে বাংলাদেশের দাপট, ফলো অনের শঙ্কায় আইরিশরা


