বিজ্ঞাপন

ভারত ম্যাচ দিয়ে শনিবার শুরু হচ্ছে বাংলাদেশি যুবাদের বিশ্বকাপ মিশন

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়ে গেছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের নতুন আসর। টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে গড়িয়েছে তিনটি ম্যাচ, আর আজ আরও ছয়টি দল প্রতিযোগিতায় নেমেছে। এবার বিশ্বকাপে বাংলাদেশের যুবাদের অভিযান শুরু হবে আগামীকাল শনিবার (১৭ জানুয়ারি) শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে।

যৌথভাবে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় আয়োজিত ৫০ ওভারের এই বিশ্বকাপে বাংলাদেশের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের মাটিতে। বাংলাদেশের প্রথম ম্যাচটি আগামীকাল বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে, যেখানে তাদের প্রতিপক্ষ ভারত। ভারত ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় জয় দিয়ে টুর্নামেন্টে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে ভারত সবচেয়ে সফল দল। এখন পর্যন্ত অনুষ্ঠিত ১৫টি আসরের মধ্যে তারা পাঁচবার শিরোপা জিতেছে। সর্বশেষ ২০২২ সালের আসরেও চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় যুব দল। অন্যদিকে বাংলাদেশ একবারই এই টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বাদ পেয়েছে। ২০২০ সালের সেই ঐতিহাসিক আসরে ফাইনালে ভারতকেই হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের যুবরা। ফলে দু’দলের লড়াই মানেই বাড়তি উত্তেজনা ও স্মৃতির রেশ।

এবারের আসরে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের পর ২০ জানুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা, সেই ম্যাচটিও অনুষ্ঠিত হবে বুলাওয়েতে। এরপর ২৩ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে হারারেতে যাবে বাংলাদেশ দল। গ্রুপের প্রতিটি ম্যাচই সুপার সিক্সে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশ থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচগুলো দেখা যাবে ডিজিটাল প্ল্যাটফর্ম র‌্যাবিটহোলে। পাশাপাশি ভারতীয় স্পোর্টসভিত্তিক টেলিভিশন চ্যানেল স্টার স্পোর্টসও ম্যাচগুলো সম্প্রচার করবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গতকাল এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। ভারত ছাড়াও শ্রীলঙ্কা ও নেপালেও স্টার স্পোর্টসে এই টুর্নামেন্টের খেলা দেখানো হবে।

বিশ্বের অন্যান্য অঞ্চলের দর্শকদের জন্যও রয়েছে আলাদা সম্প্রচার ব্যবস্থা। মধ্যপ্রাচ্যের দর্শকরা খেলা দেখতে পারবেন ক্রিকলাইফে। কানাডা ও যুক্তরাষ্ট্রে ম্যাচগুলো সম্প্রচার করবে উইলো টিভি। যুক্তরাজ্যে স্কাই স্পোর্টস, অস্ট্রেলিয়ায় অ্যামাজন প্রাইম, প্যাসিফিক আইল্যান্ড অঞ্চলে পিএনজি ডিজিসেল, ক্যারিবীয়ান ও দক্ষিণ আমেরিকায় ইএসপিএন, সাব-সাহারান আফ্রিকায় সুপার স্পোর্ট, পাকিস্তানে পিটিভি এবং আফগানিস্তানে লেমার টিভিতে দেখা যাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের খেলা।

বিজ্ঞাপন

পড়ুন : ভারতে রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের জয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন