কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এই রায়কে জালিমের বিরুদ্ধে মজলুমের জয় বলে মন্তব্য করেছেন ১১–দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। দুর্নীতিবাজ, ব্যাংক ডাকাত ও চাঁদাবাজদের রেহাই নেই বলেও জানান তিনি।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
এদিকে জনগণের ভোটে নির্বাচিত হলে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও টেন্ডারবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১–দলীয় ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ (আবুল হাসনাত)।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) বলেছেন, ‘আমরা জনগণের কাছে গিয়ে বলছি, আপনারাই আমাদের জেতাতে পারেন। আপনারা যদি আমাদের দায়িত্ব দেন, তাহলে চাঁদাবাজ আর মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম করে দেব।’
গতকাল শনিবার কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচা এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠকে এ কথা বলেন হাসনাত আবদুল্লাহ।
নির্বাচন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘অতীতে অনেক নেতা নির্বাচনের আগে এসে সহায়তার আশ্বাস দিতেন, কিন্তু নির্বাচিত হলে পাঁচ বছর আর খোঁজ পাওয়া যেত না। আমি আপনাদের সাহায্য করতে আসিনি, আমি আপনাদের কাছে সাহায্য চাইতে এসেছি। প্রথম ১৫ দিন আপনারা আমাকে হেল্প করবেন, আর পরের পাঁচ বছর আমি আপনাদের পাশে থাকব।’
নারীদের ভোটের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘ইনশা আল্লাহ এবার আমাদের মায়েদের, খালাদের, চাচিদের, বোনদের ভোটেই আমরা সংসদে যাব। নারীরা একবার কথা দিলে সেটা কখনো ভাঙে না।’


