আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “ধর্মকে পুঁজি করে বা বেহেশতের চাবি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভোট চাওয়া অনৈতিক ও ‘নাজায়েজ’। ভোট আপনার পবিত্র আমানত। দয়া করে আবেগে নয়, বিবেক দিয়ে ভোট দিবেন। আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নিলে তার ফল কখনো ভালো হয় না। তাই ভোট দেওয়ার আগে প্রার্থীর সততা এবং পূর্বের রেকর্ড (আরওআর/সিএস) যাচাই করে ভোট দিবেন।”
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালের দিকে দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নে চন্ডিগড় বাজার সংলগ্ন এক নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
চন্ডিগড় ইউনিয়নে স্থানীয় একটি ঐতিহ্যবাহী মাদ্রাসায় জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে আজকের এই দিনটি বেছে নিয়েছেন তা উল্লেখ করে তিনি বলেন, “আজকাল অনেক রাজনৈতিক কর্মী বা তথাকথিত আলেম ঘরে ঘরে গিয়ে বলছেন যে, নির্দিষ্ট প্রতীকে ভোট না দিলে বেহেশত পাওয়া যাবে না। কিন্তু বেহেশত বা দোজখের ফয়সালা করার মালিক একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন, কোনো রাজনৈতিক দল নয়।”
তিনি এ ধরনের কর্মকাণ্ডকে সাধারণ মানুষের সাথে ধর্মের নামে ‘প্রতারণা’ হিসেবে অভিহিত করেন। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি উপস্থিত জনতাকে সাক্ষী রেখে অঙ্গীকার করেন, যদি তিনি নির্বাচিত হন তবে শতভাগ সততার সাথে দায়িত্ব পালন করবেন।
‘ধানের শীষে’র এই সংসদ সদস্য পদ প্রার্থী আরও বলেন, “আমি নিজে দুর্নীতি করব না। জনগণের সম্পদ বা হক নিয়ে কাউকে দুর্নীতি করতে দেব না- সে যত বড় প্রভাবশালীই হোক না কেন। মানুষের হায়াত-মউত আল্লাহর হাতে এবং মৃত্যুর পর সাড়ে তিন হাত মাটির বাইরে আর কিছুই সাথে যাবে না।”
নির্বাচনী এই প্রচারণামূলক পথসভায় বিপুল সংখ্যক জন সাধারণসহ উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।
পড়ুন- শরীয়তপুরের জাজিরায় সিএনজি উল্টে প্রাণ গেল নারীর
দেখুন- যমুনায় অবস্থান কর্মসূচি, সর্বশেষ যা জানা গেলো


