গাজীপুর মহানগরে পৃথক দুই অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে নিউ জেরিন ট্রেডার্স ও আর এম বি ফুড অ্যান্ড ওয়েল মিলস্ নামের দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (০৭ এপ্রিল) এনএসআই গাজীপুরের তথ্যের ভিত্তিতে কাশিমপুর থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের হাতীমারা এলাকায় অবস্থিত এলপিজি সিলিন্ডার গ্যাস ডিলার পয়েন্ট নিউ জেরিন ট্রেডার্সকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর একই থানার ২ নম্বর ওয়ার্ডের লতিফপুর এলাকায় অবস্থিত আর এম বি ফুড অ্যান্ড ওয়েল মিলস্ ( আদিল ফর্টিফাইড সয়াবিন তেল) এ অভিযান চালিয়ে সয়াবিন তেলের বোতলে প্রতি লিটারে প্রায় ১০০ মিলি ওজনে কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় আরও ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। জরিমানা পরিশোধের পর প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়। অন্যথায় কঠোর শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাশরিফুল ইসলাম। এসময় এনএসআই, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মো.তাশরিফুল ইসলাম জানান, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে ওজন কারচুপি ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৮ অনুযায়ী উভয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
পড়ুন- জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে: সংসদে জ্বালানি মন্ত্রী
দেখুন- ‘ক্রীড়া প্রতিমন্ত্রীর চাপে পদত্যাগ করছেন বিসিবি পরিচালকরা’


