বিজ্ঞাপন

বগুড়া-৬ আসন: ভোট শুরুর আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে অনিয়মের অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল। তিনি রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্ব, দলীয় প্রভাব এবং ভোট শুরুর আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর নেওয়ার অভিযোগ করেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে শহরের মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন তিনি।

জামায়াত প্রার্থী দাবি করেন, শুরু থেকেই রিটার্নিং কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে তাদের সন্দেহ ছিল। তার অভিযোগ, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে এবং নির্বাচন পরিচালনায় প্রয়োজনীয় দৃঢ়তার ঘাটতি রয়েছে।

সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে তিনি বলেন, মালতীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাদের এজেন্টদের কাছ থেকে ভোটগ্রহণ শুরুর আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে, যা একটি ‘পাতানো নির্বাচন’-এর ইঙ্গিত দেয়। এ বিষয়ে নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. নূর ইসলাম বলেন, ফলাফল দ্রুত প্রস্তুতের সুবিধার্থে পোলিং এজেন্টদের অনুরোধে অগ্রিম স্বাক্ষরের সুযোগ দেওয়া হয়েছিল। তবে সেই শিটে তার কোনো স্বাক্ষর বা সিল ছিল না। বিষয়টি নিয়মবহির্ভূত হওয়ায় সাংবাদিকদের উপস্থিতিতে ম্যাজিস্ট্রেটের সামনে তাৎক্ষণিকভাবে কাগজটি ছিঁড়ে ফেলা হয়েছে এবং নতুন রেজাল্ট শিটে কাজ চলছে।

এদিকে বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন জানান, দুপুর ১২টা পর্যন্ত গড়ে প্রায় ২০ শতাংশ ভোট পড়েছে। পৌর এলাকার তুলনায় ইউনিয়নগুলোতে ভোটার উপস্থিতি বেশি বলেও উল্লেখ করেন তিনি।

মালতীনগর কেন্দ্রের ঘটনাকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দুইজন পোলিং এজেন্ট স্বাক্ষর করলেও একজন রাজি হননি এবং প্রিজাইডিং অফিসার কোনো শিটে স্বাক্ষর করেননি। অভিযোগ পাওয়ার পর আগের শিটগুলো সবার সামনে ছিঁড়ে ফেলে নতুন শিট দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ভোটগ্রহণ শেষে নিয়ম অনুযায়ী পোলিং এজেন্টদের উপস্থিতিতে প্রিজাইডিং অফিসার স্বাক্ষর করে রেজাল্ট শিট হস্তান্তর করবেন। এখন পর্যন্ত বড় কোনো সমস্যা হয়নি এবং ছোটখাটো অভিযোগ তাৎক্ষণিকভাবে সমাধান করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রার্থী তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিসহ মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পড়ুন: ভোটে অনিয়ম: শেরপুর–৩ আসনে জামায়াতের ভোটবর্জন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন