উত্তরবঙ্গের উদ্বৃত্ত আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরকারি হিমাগার ও আলুর চিপস কারখানা নির্মাণের পরিকল্পনা নিয়েছে। কৃষকের উৎপাদিত আলু যাতে নষ্ট না হয় এবং তারা ন্যায্য দাম পান, সে লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। শুক্রবার বিকেলে কালাই উপজেলা মডেল মসজিদ হলরুমে মহান মে দিবস উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, উন্নত দেশগুলোতে সবচেয়ে সম্মানজনক পেশাগুলোর একটি হচ্ছে শ্রমিকের পেশা। সেখানে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের চেয়েও একজন লরি চালকের আয় বেশি হতে পারে। অর্থাৎ যার কায়িক শ্রম যত বেশি, তার মূল্যায়নও তত বেশি।
প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, সরকার পর্যায়ক্রমে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা নিয়েছে। প্রথম ধাপে হতদরিদ্র ও স্বল্প আয়ের পরিবারগুলোকে এ সুবিধার আওতায় আনা হচ্ছে। পাশাপাশি দুই কোটি ৭০ লাখ কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে তারা আর্থিক ও উপকরণগত সহায়তা পাবেন।
তিনি জানান, আগামী জুলাই থেকে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের একই ধরনের ব্যাগ, পোশাক ও জুতা দেওয়া হবে, যাতে শিশুরা ছোটবেলা থেকেই বৈষম্যের শিকার না হয়।
এসময় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, রফিকুল ইসলাম চৌধুরী টুকু, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল প্রমুখ।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

