দেশের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হওয়ায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। আজ সোমবার (৪ মে) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
পাউবো জানায়, গত ২৪ ঘণ্টায় নেত্রকোনার জারিয়াজঞ্জাইলে ৭৪ মিলিমিটার, হবিগঞ্জে ৭৪ মিলিমিটার এবং চাঁদপুর-বাগানে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সকাল ৯টার তথ্যানুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলের হাওর বেসিনের তিনটি জেলার সাতটি নদীর আটটি পয়েন্টে পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পূর্বাভাস অনুযায়ী, সুনামগঞ্জের নলজুর নদীর পানি ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপরে (জগন্নাথপুর), নেত্রকোনার ধনু-বাউলাই নদী ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৮ সেন্টিমিটার ওপরে (জারিয়াজঞ্জাইল), সোমেশ্বরী নদী ১৪ সেন্টিমিটার কমে ৫০ সেন্টিমিটার ওপরে (কলমাকান্দা), ভুগাই-কংশ নদী ২২ সেন্টিমিটার কমে ৬৭ সেন্টিমিটার ওপরে (জারিয়াজঞ্জাইল) এবং মগরা নদী ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৭৯ সেন্টিমিটার ওপরে (নেত্রকোনা) প্রবাহিত হচ্ছে। একই নদীর পানি আটপাড়ায় ২৭ সেন্টিমিটার ওপরে রয়েছে।
হবিগঞ্জের কালনি নদী ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ১০ সেন্টিমিটার ওপরে (আজমিরিগঞ্জ) এবং সুতাং নদী ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৮৩ সেন্টিমিটার ওপরে (সুতাং রেলব্রিজ) প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জের হাওর অঞ্চলে নদীগুলোর পানির স্তর ঘণ্টায় ০ থেকে ১ সেন্টিমিটার হারে ধীরগতিতে বাড়ছে।


