মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে একটি বোমা সদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) ভোরে সানোয়ার হোসেন পলাশের বাড়ির মূল ফটকের সামনে থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাঁটতে বের হয়ে সানোয়ার হোসেনের চাচাতো ভাই শামীম একটি কালো টেপে মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পান। বস্তুটির গায়ে লেখা ছিল, “হাত দিলেই ব্লাস্ট, ভালো থাকিস, বাই বাই” এমন হুমকিমূলক বার্তা। পরে বিষয়টি তিনি সানোয়ার হোসেনকে জানালে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হয়।
গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান,খবর পেয়ে গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে। নিরাপত্তার স্বার্থে সেটিকে পানিভর্তি একটি বালতিতে রাখা হয়েছে। এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


