বরগুনার চিত্র সাংবাদিক ও পরিবেশকর্মী আরিফ রহমানের বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ তুলে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় সদরঘাট মসজিদ মার্কেট চত্বরে বরগুনা সাংবাদিক ইউনিয়ন ও ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে সাংবাদিক, সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং সংহতি প্রকাশ করেন।
জানা যায়, বরগুনার তালতলী উপজেলার নিদ্রা সৈকতে সংরক্ষিত বনের মধ্যে অবৈধভাবে রাস্তা ও পাকা স্থাপনা নির্মাণের প্রতিবাদ করায় স্থানীয় সোনাকাটা ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস ফরাজী এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শহীদ আকনের নেতৃত্বে আরিফুর রহমান এবং বনবিভাগের দুই সদস্য নলবুনিয়া ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাওন ও সখিনা বন বিটের বিট অফিসার রাহিমুল ইসলাম জুমেলের বিরুদ্ধে মানববন্ধন করে এবং মব সৃষ্টির চেষ্টা করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু, সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা উপজেলা শাখার সভাপতি মুফতি ইদ্রিসুর রহমান, বরগুনা অ্যানিমেল লাভার্সের সভাপতি হোসনেয়ারা ছবি, সবুজ বরগুনার প্রতিষ্ঠাতা আরিফ খান, ‘ধরা’র বরগুনা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ, সাংবাদিক শাহ আলী প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, তালতলীর নিদ্রা সৈকতে সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদ করায় একটি মহল আরিফ রহমান ও বনবিভাগের সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
এ সময় তারা আরো বলেন, তালতলীর নিদ্রা সৈকত, টেংরাগিরি ও শুভ সন্ধ্যা পর্যটনকেন্দ্রসহ বিভিন্ন স্থানে পরিবেশকর্মী ও সাংবাদিকদের নিরাপদে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ষড়যন্ত্রকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
পড়ুন- লিমন-বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অব ফ্লোরিডা


