দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ফুল ও উপহার নিয়ে দেখা করতে মুখিয়ে থাকতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, বিভাগ ও ক্লাবের দায়িত্বশীল পর্যায়ের নেতাদের। তবে এই নিয়ম-সংস্কৃতির পরিবর্তন আনতে চান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। তার নির্দেশনায় উপাচার্য দপ্তরে ফুল ও উপহার নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
গত ১৬ মার্চ উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন মার্কেটিং বিভাগের এই অধ্যাপক। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি শুভেচ্ছা জানাতে আসা শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের ফুল ও উপহার না আনার অনুরোধ জানান। এর ধারাবাহিকতায় সম্প্রতি উপাচার্য দপ্তরের সামনে ‘ফুল এবং উপহার নিয়ে প্রবেশে নিষেধ’ লেখা একটি নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।
উপাচার্য দপ্তর সূত্র থেকে জানা যায়, উপাচার্যের সঙ্গে দেখা করতে আসা ব্যক্তিদের আনুষ্ঠানিকতা কমিয়ে আরও কার্যকর ও সময়োপযোগী যোগাযোগ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অপ্রয়োজনীয় ভিড় ও আনুষ্ঠানিক ব্যয়ও কমবে বলে মনে করছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন উপাচার্যের এই সিদ্ধান্ত রাবিতে প্রশাসনিক সংস্কৃতির একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
পড়ুন : শিক্ষার্থীদের জন্য বিদ্যুৎচালিত বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার


