বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে মাসে ৩০ হাজার মার্কিন ডলার বেতন দাবি করেছেন ব্রাজিলের রোজারিও মিকেল, বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৩০ লাখ টাকারও বেশি। কোচ হতে আগ্রহী আরেক প্রার্থী ক্রিস কোলম্যানের দাবি ২৫ হাজার ডলার।
বাফুফের একটি সূত্র এই তথ্য জানিয়েছে। তবে দুজনের বেতনের বিষয়টিই আলোচনা করে সমঝোতা করার মতো বলে মনে করছে তারা।
আজ (বৃহস্পতিবার) দুপুরে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেই বৈঠকে জাতীয় দলের কোচ নিয়োগ বিষয়ে আলোচনা হয়েছে। এবার বাংলাদেশের কোচ হওয়ার জন্য অনেক হাই-প্রোফাইল প্রার্থীর আবেদন পড়েছে। কিন্তু ১৫-২০ হাজার ডলারের বেশি কোচের পেছনের ব্যয়ের সামর্থ্য নেই বাফুফের। জাতীয় দলের স্বার্থে ভালো মানের কোচ পেতে তাদের সামর্থ্য সীমার চেয়ে বেশি অর্থ প্রয়োজন হলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সহায়তা করার আশ্বাস দিয়েছেন।
মিকেল গড়পড়তা কোনো কোচ নন। এই ৫৭ বছর বয়সি ২০১৬ সালে ব্রাজিলকে অলিম্পিক স্বর্ণপদক জিতিয়েছিলেন। আল হিলাল ও অ্যাতলেটিকো মিনেইরোর মতো ক্লাবগুলোতে কাজ করার অভিজ্ঞতা আছে তার।
৫ জুন বাংলাদেশ সান মারিনোতে প্রীতি ম্যাচ খেলবে। ২৩ মে প্রিমিয়ার লিগের ম্যাচর পরই জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। তাই বাফুফেকে কোচ নিয়ে আগামী সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত আসবে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য—৫০ হাজার ডলারের কাছাকাছি কোচদের চাহিদা রয়েছে, আবার ১৫ হাজারের কমও আছে। আগামী দুই-তিন দিন আরও বিচার বিশ্লেষণ করে তিন-চার জন কোচের নাম ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠাতে পারে ফেডারেশন। এরপর ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাফুফে সভাপতি আলোচনা করে হামজাদের পরবর্তী কোচ ঠিক করবেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

