আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার।
বৃহস্পতিবার (৭ মে) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এই নির্দেশ দেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদ ঘিরে জাল টাকার চক্র, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এসব অপরাধে জড়িতদের গ্রেফতারে অভিযান জোরদার করতে হবে।’
তিনি আরও বলেন, ‘পশুর হাটগুলোর আশেপাশে যানজট সৃষ্টি না হয় সেই দিকে লক্ষ্য রেখে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। লঞ্চ ঘাট, বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনগুলোতে আরও তৎপরতা বাড়াতে হবে। ফুট পেট্রোল জোরদার করা প্রয়োজন। থানা এলাকায় মাদক উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে অভিযান পরিচালনা করতে হবে।’
কোনো অপরাধ যেন থানা এলাকায় সংঘটিত হতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন মো. সরওয়ার।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ‘ঢাকা মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। এই স্থিতিশীলতা ধরে রাখতে সবাইকে সজাগ থাকতে হবে। চলমান বিশেষ অভিযানে চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেফতার করতে হবে।’
পড়ুন : ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর


