হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় এশিয়ার বাজারে আবারও বেড়েছে তেলের দাম। শুক্রবার (৮ মে) এ তথ্য জানিয়েছে বিবিসি।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, ইরানের ‘উসকানিহীন’ হামলা প্রতিহত করা হয়েছে। হামলায় ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান ব্যবহার করা হয়। উপসাগর ছেড়ে হরমুজ প্রণালি অতিক্রমের সময় আত্মরক্ষার্থে মার্কিন নৌবাহিনী পাল্টা হামলা চালায় বলেও জানানো হয়েছে।
সকালের লেনদেনে বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড–এর দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ১০১ দশমিক ৬০ ডলারে পৌঁছায়। যদিও দিনের শুরুতে দাম ২ শতাংশের বেশি বেড়েছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৫ দশমিক ৮৭ ডলারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। শান্তি আলোচনা অব্যাহত রাখার সুযোগ দিতে গত ২১ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছিল বলেও জানান তিনি।
হামলার পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, “ইরানের সঙ্গে আলোচনা এখনো চলছে এবং ওয়াশিংটনের দাবি আগের মতোই রয়েছে। তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। তবে তাদের বুঝতে হবে, যদি চুক্তি না হয়, তাহলে তাদের অনেক ভোগান্তির মুখে পড়তে হবে। আমার বিশ্বাস, তারা এই চুক্তি আমার চেয়েও বেশি চায়।”
পড়ুন: দেশের পথে বৃষ্টির মরদেহ, ঢাকায় পৌঁছাবে আগামীকাল
আর/


