কুড়িগ্রামের ফুলবাড়ীতে র্যাব-১৩ এর অভিযানে ৯৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বাড়াইতাড়ী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধৃত নুর ইসলামের শয়নকক্ষের খাটের নিচ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তি হলেন- মো. নুর ইসলাম (৩৮)। তিনি ফুলবাড়ী উপজেলার বাড়াইতাড়ী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ৯৩ কেজি ৫০০ গ্রাম। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এদিকে র্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

