টাঙ্গাইলের মির্জাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে আখি আক্তার (২৫) নামে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত আখি আক্তার উপজেলার খৈলসিন্দুর এলাকার আমিনুর রহমানের মেয়ে।সে ভাতগ্রাম ইউনিয়নের শুকুর আলীর ছেলে আলীম উদ্দিনের স্ত্রী ছিলেন।মৃত আখী আক্তারে ৪ ও ৭ বছরের দুটি মেয়ে সন্তান রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকাল ৯টার দিকে পেটের ডান পাশে (এফএনডি সাইড) তীব্র ব্যথা নিয়ে আখি আক্তারকে মির্জাপুর পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তার অপারেশন করেন। তবে অপারেশনের পর আর জ্ঞান ফেরেনি তার।
স্বজনদের অভিযোগ, রাত আনুমানিক ১০টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় রোগীর অবস্থা সংকটাপন্ন। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা আখি আক্তারকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের দাবি, ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই আখি আক্তারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও বিচার দাবি করেছেন তারা।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের মাঝে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।


