মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ১০ বাংলাদেশি নাগরিককে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে কুলাউড়া থানায় স্বজনদের উপস্থিতিতে তাঁদের হস্তান্তর করা হয়।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই ব্যক্তিরা হলেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা রাহুল তালুকদার (২৭), খালিয়াজুড়ী উপজেলার যোগীমারা গ্রামের যুবরাজ সরকার (৪২), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাঙাধর গ্রামের হাবুল দাস (৪৮), হাবুলের স্ত্রী সুমিত্রা দাস (৪৪), মেয়ে অনামিকা দাস (১৭) ও ভূমি দাস (৭), ছেলে হেমন্ত দাস (১৬), হামতপুর গ্রামের গোপাল দাস (২৭), সদর উপজেলার বক্তারগাঁও গ্রামের মো. আল আমিন (৩৫) ও আল আমিনের স্ত্রী ফাতেমা বেগম (১৯)।
কুলাউড়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, মুরইছড়া সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্য পড়েছে। গতকাল সকালের দিকে মুরইছড়া চা-বাগান এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের স্থানীয় মুরইছড়া ক্যাম্পের টহল দল। পরে তাঁদের আটক করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা জানান, তাঁরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি বিএসএফ তাঁদের আটক করে। এরপর সীমান্ত দিয়ে ঠেলে পাঠায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করে। খবর পেয়ে সন্ধ্যা ছয়টার দিকে স্বজনেরা থানায় পৌঁছালে ওই ব্যক্তিদের তাঁদের কাছে হস্তান্তর করা হয়।


