চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী গাড়ি মনে করে পুলিশের বহনকারী মাইক্রোবাসে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাত চক্রের সদস্য রবিউল হোসেন (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন এর তুলাতুলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গভীর রাতে মহাসড়কে নিয়মিত টহলে ছিল পুলিশের একটি দল। এ সময় দুর্বৃত্তরা যাত্রীবাহী গাড়ি ভেবে পুলিশের মাইক্রোবাস লক্ষ্য করে লোহার পাইপ নিক্ষেপ করে। পরে পুলিশ সদস্যরা গাড়ি থামিয়ে নামলে ডাকাতরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ঘটনাস্থল থেকে রবিউল হোসেনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটক রবিউল সলিমপুর ইউনিয়ন এর তুলাতলী এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলা ডাকাতির বলে জানিয়েছে পুলিশ।
সীতাকুণ্ড থানা এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, “ডাকাতরা মাইক্রোবাসে সাধারণ যাত্রী রয়েছে মনে করে হামলার চেষ্টা চালিয়েছিল। কিন্তু গাড়ি থেকে পুলিশ সদস্যদের বের হতে দেখে তারা পালিয়ে যায়। পরে একজনকে আটক করা হয়েছে।”
তিনি আরও জানান, রবিউলের বিরুদ্ধে থাকা তিনটি ডাকাতি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নুনাছড়া এলাকা তেও একই কৌশলে একটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। চলন্ত গাড়িতে রড নিক্ষেপের পর যাত্রীরা গাড়ি থেকে নামলে ডাকাতরা তাদের ওপর হামলা চালায়। পরে ভুক্তভোগীরা পাশের একটি মসজিদে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পায়।
পড়ুন- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী


