নোয়াখালীর সোনাইমুড়িতে দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ হানিফকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
শনিবার (৯ মে) দুপুরে উপজেলার বাইপাস চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সোনাইমুড়িতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক সামছুল আরেফিন জাফর, বেলাল হোসাইন ভূঁইয়া, আমিনুল ইসলাম মানিক, খোরশেদ আলম, আনোয়ার বারী পিন্টু, ইয়াকুব আল মাহমুদসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, দেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বিচার হচ্ছে না। প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ে অপরাধীরা এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
তারা অভিযোগ করেন, একটি সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মোহাম্মদ হানিফকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি গত ২৫ এপ্রিল সোনাইমুড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করলেও এখনো কোনো কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।
বক্তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হুমকিদাতাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে তারা আরও বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দেন।
প্রসঙ্গত, পার্শ্ববর্তী চাটখিল উপজেলায় ইটভাটা ব্যবসায়ী জাবেদ হোসেনের হত্যাকাণ্ড নিয়ে সম্প্রতি ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। নিহতের পরিবারের সংবাদ সম্মেলনের খবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই একটি প্রভাবশালী চক্র সাংবাদিক মোহাম্মদ হানিফকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিতে থাকে।
অভিযোগ রয়েছে, মো. রুবেল নামের এক ব্যক্তি, যিনি নিজেকে ইউনিয়ন যুবদলের সভাপতি দাবি করে সাংবাদিক মোহাম্মদ হানিফকে ফোনে হুমকি দিয়ে বলেন- ২৪ ঘণ্টার মধ্যে তোকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা দ্রুত ভাইরাল হয়।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার সাধারণ ডায়েরির তদন্তকারী কর্মকর্তা এএসআই রেজাউল ইসলাম জানান, হুমকিদাতাকে শনাক্তের প্রক্রিয়া চলমান রয়েছে, তবে এখনো তাকে সনাক্ত করা সম্ভব হয়নি।
পড়ুন : নোয়াখালীতে এসিল্যান্ড-তহশিলদারসহ ৯জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা


