মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে তাপবিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের অতিরিক্ত খরচ মেটাতে বিদ্যুতের দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কার সরকার। সোমবার থেকে নাগরিকদের ১৮ শতাংশ পর্যন্ত বিদ্যুতের বাড়তি মূল্য পরিশোধ করতে হবে বলে দেশটির গণসেবা কমিশন (পিইউসি) জানিয়েছে।
যেসব গ্রাহক মাসে ১৮০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করেন, সোমবার থেকে তাদের অতিরিক্ত ১৮ শতাংশ বিল গুনতে হবে। তবে এর চেয়ে কম ব্যবহারকারীদের বিলে কোনও প্রভাব পড়বে না।
রোববার এক বিবৃতিতে পিইউসি বলেছে, ‘‘শিল্প-কারখানা, হোটেল, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান এবং যেসব ধর্মীয় উপাসনালয় মাসে ১৮০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে, তাদের ক্ষেত্রে এই বর্ধিত মূল্য প্রযোজ্য হবে।’’
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর পর এই দ্বীপরাষ্ট্র কয়েক দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। গত মাসে দেশটিতে বিদ্যুতের দাম ৪০ শতাংশ বাড়ানোর পর এবার নতুন করে এই মূল্যবৃদ্ধির ঘোষণা এলো।
২০২২ সালের ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে শ্রীলঙ্কা ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল। সে সময় খাদ্য, জ্বালানি ও ওষুধের মতো জরুরি পণ্য আমদানির জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে যায় দেশটির।
গত বছর দেশটিতে শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে এই দ্বীপরাষ্ট্রটিতে ৬৪৩ জন নিহত এবং ২ কোটি ২০ লাখ জনসংখ্যার মাঝে ১০ শতাংশেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

