বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট ম্যাচে এই কীর্তি গড়েন তিনি।
বরাবরের মতোই টেস্ট ক্রিকেটে দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে দায়িত্বশীল ইনিংস খেলেছেন মুমিনুল। ম্যাচের প্রথম ইনিংসে ৯১ রান করার পর দ্বিতীয় ইনিংসেও তুলে নেন অর্ধশতক। এর মাধ্যমে টানা পাঁচ ইনিংসে ফিফটির দেখা পেলেন এই বাঁহাতি ব্যাটার। এটি তার টেস্ট ক্যারিয়ারের ২৭তম অর্ধশতক।
ফিফটি পূর্ণ করার মধ্য দিয়েই টেস্ট ক্যারিয়ারে ৫ হাজার রান পূর্ণ করেন মুমিনুল। বাংলাদেশের হয়ে এই মাইলফলক স্পর্শ করা তৃতীয় ব্যাটার তিনি।
এর আগে, বাংলাদেশের হয়ে টেস্টে ৫ হাজারের বেশি রান করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।
তামিম ইকবাল ৭০ টেস্টে ১৩৪ ইনিংসে ৫৩১৪ রান করেছেন। তার সংগ্রহে রয়েছে ১০টি শতক ও ৩১টি অর্ধশতক।
অন্যদিকে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক মুশফিকুর রহিম। তিনি ১০১ টেস্টে ১৮৫ ইনিংসে ৬৫৮১ রান করেছেন। তার নামের পাশে রয়েছে ১৩টি শতক, ৩০টি অর্ধশতক এবং ৩টি ডাবল সেঞ্চুরি।
প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১২৮ রান। মুমিনুল করেছেন ৫৬ রান।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

