জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নবীন শিক্ষার্থীদের নিরাপদ ও ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এন্টি-র্যাগিং কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি।
আজ সোমবার (১১মে) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং গুরুত্বপূর্ণ স্থানে কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সম্প্রতি নবীন শিক্ষার্থীদের আগমনকে কেন্দ্র করে ক্যাম্পাসে র্যাগিংয়ের কয়েকটি অভিযোগ ওঠার প্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার টানানো, লিফলেট বিতরণ এবং নবীন শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়। এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এ বিষয়ে মোস্তাফিজুর রহমান রুমি বলেন, “আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় একটি সুন্দর, বৈষম্যহীন, গণতান্ত্রিক, ভয়হীন ও সম্প্রীতির ক্যাম্পাস গড়ে তোলার স্বপ্ন দেখি। প্রতি বছর নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলে পরিচয়ের নামে র্যাগিংয়ের অভিযোগ শোনা যায়। এতে অনেক শিক্ষার্থী বিব্রত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।”
তিনি আরও বলেন, “সেই জায়গা থেকে আমরা সচেতনতামূলক এন্টি-র্যাগিং কর্মসূচির উদ্যোগ নিয়েছি। আমরা শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি একটি মর্যাদাপূর্ণ ও সম্প্রীতির ক্যাম্পাস গঠনের বার্তা পৌঁছে দিতে চাই।”
র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে রুমি বলেন, “আমাদের ক্যাম্পাসে র্যাগিংয়ের কোনো স্থান নেই। কেউ যদি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে, তাহলে মনে রাখতে হবে—আইন খুবই কঠোর এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। পরিচয়ের নামে র্যাগিং নয়, বরং স্নেহ, ভালোবাসা ও সম্মানের মাধ্যমে নবীনদের বরণ করে নিতে হবে।”


