আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রস্তাব নিয়ে ইরানের জবাব দ্রুত প্রত্যাখ্যান করায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এতে সুদের হার নিয়েও নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে স্বর্ণের বাজারেও।
সোমবার (১১ মে) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৯২ দশমিক ৪৯ ডলারে দাঁড়ায়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ০ দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ৭০১ দশমিক ৩০ ডলারে নেমে আসে।
আমেরিকান গোল্ড এক্সচেঞ্জের বাজার বিশ্লেষক জিম ওয়াইকফ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের জবাব প্রত্যাখ্যান করার পর মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে সীমাবদ্ধতাও এই চাপ বাড়াচ্ছে এবং তা স্বর্ণের বাজারের বিপক্ষে কাজ করছে। কারণ উচ্চ মূল্যস্ফীতি সুদের হার দীর্ঘ সময় উঁচু রাখতে পারে।’
নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত হলেও উচ্চ সুদের হার স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করে। কারণ এতে সুদবিহীন সম্পদ ধরে রাখার সুযোগ ব্যয় বেড়ে যায়।
অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮২ দশমিক ৮৪ ডলারে পৌঁছেছে। এ ছাড়া প্লাটিনাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ২ হাজার ৭১ দশমিক ৭০ ডলার এবং প্যালাডিয়াম ০ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৪৯৪ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এখন ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় বিক্রি হচ্ছে।
পড়ুন : আজকের স্বর্ণের বাজারদর


