আগামী সোমবার ১৮ মে ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। পুরো ব্রাজিল এখন একটিই প্রশ্নের উত্তরের অপেক্ষায়: দলে নেইমার থাকছেন কি থাকছেন না?
৩৪ বছর বয়সী নেইমার ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু গত কয়েক বছরের ইনজুরি সমস্যা এবং সান্তোসে ফেরার পর আশানুরূপ পারফর্ম করতে না পারায় আগামী মাসে শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ব্রাজিলেট গণমাধ্যমের খবর, আনচেলত্তি তার ৫৫ জনের প্রাথমিক স্কোয়াডে নেইমারকে রেখেছেন। তবে ২৬ জনের দলে তাকে রাখা হবে কিনা তা নিশ্চিত নয়।
মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, “দল নির্বাচনের সময় অনেক কিছু বিবেচনা করতে হয়। নেইমার তার প্রতিভার জন্য দেশের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে তার কিছু সমস্যা ছিল এবং সে সেরে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছে। সম্প্রতি সে নিয়মিত খেলছে এবং উন্নতির ছাপ দেখিয়েছে। তবে আমার জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। আমাদের সাবধানে সব সুবিধা ও অসুবিধা খতিয়ে দেখতে হবে।”
দলের খেলোয়াড়রা প্রকাশ্যে নেইমারকে নেওয়ার দাবি জানিয়েছেন, অন্যদিকে ভক্তরা বিভক্ত—কেউ তার জাদুকরী খেলার ভক্ত, আবার কেউ তার বর্তমান শারীরিক সক্ষমতা নিয়ে চিন্তিত।
আনচেলত্তি এ প্রসঙ্গে বলেন, “আমি জানি নেইমার শুধু সাধারণ মানুষের কাছেই নয়, খেলোয়াড়দের কাছেও খুব প্রিয়। এটি একটি বড় বিষয় কারণ আমাদের দলের পরিবেশের কথা ভাবতে হয়। আমি ড্রেসিংরুমে কোনো বোমা ফাটাতে চাই না। খেলোয়াড়রা তাদের মতামত দিচ্ছে, আমি তাদের পরামর্শের জন্য কৃতজ্ঞ। তবে দিনশেষে সিদ্ধান্তটি আমাকেই নিতে হবে।”
তিনি আশ্বস্ত করেছেন যে, নেইমার দলে থাকুক বা না থাকুক, দলের ভেতরের ইতিবাচক পরিবেশ নষ্ট হবে না। তবে গণমাধ্যমের চাপ বা বাইরের পরিবেশ নিয়ন্ত্রণ করা তার হাতে নেই।
সবচেয়ে বড় প্রশ্ন হলো, নেইমার কি এখনো বর্তমান ফুটবল কৌশলের সাথে মানানসই? আনচেলত্তি এমন চারজন ফরোয়ার্ড চান যারা অনবরত দৌড়াতে পারবে, প্রেসিং করবে এবং প্রয়োজনে রক্ষণে ফিরে আসবে—যা দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা একজন খেলোয়াড়ের জন্য বেশ কঠিন এক মানদণ্ড। তবে ইতালীয় এই কোচ জানিয়েছেন যে নেইমার উন্নতির লক্ষণ দেখাচ্ছেন। আনচেলত্তি বলেন, “সাম্প্রতিক ম্যাচগুলোতে সে তার ফিটনেস অনেক উন্নত করেছে। গত কয়েকটি ম্যাচে সে খুব ভালো খেলেছে। সে এখন উচ্চ গতি ও তীব্রতার ম্যাচে নিজেকে ধরে রাখতে পারছে। তবে সব ম্যাচের ধরন তো আর এক নয়…”
আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছেন যে নেইমারকে দলে রাখার বা বাদ দেওয়ার সিদ্ধান্ত একান্তই তার নিজের। তিনি বলেন, “নেইমারকে ডাকার জন্য কেউ আমাকে চাপ দেয়নি। আমার সম্পূর্ণ স্বায়ত্তশাসন রয়েছে। এই সিদ্ধান্তটি হবে শতভাগ পেশাদার। একজন ফুটবলার হিসেবে সে কেমন পারফর্ম করছে, আমি কেবল সেটুকুই বিবেচনায় নেব। অন্য কিছু নয়। আমি কি একটি নিখুঁত দল গঠন করতে পারি? সেটা অসম্ভব! তবে আমি এমন একটি দল তৈরি করতে পারি যেখানে অন্যদের তুলনায় ভুলের সংখ্যা অনেক কম থাকবে। এ ব্যাপারে আমি নিশ্চিত।”
পড়ুন:বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন
দেখুন:সিরাজগঞ্জে বাড়ছে হামের রোগী, বিছানা না পেয়ে শিশুকে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে |
ইমি/


