সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে চলমান জনসচেতনতামূলক কার্যক্রম তুলে ধরতে হবিগঞ্জ জেলা তথ্য অফিসের উদ্যোগে এক প্রেস ব্রিফ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রেস ব্রিফে বক্তব্য দেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোঃ ওয়ালিদুর রহমান। তিনি জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশনায় ১৮০ দিনের কর্মসূচির আওতায় কমিউনিটি সভা, উঠান বৈঠক, চলচ্চিত্র প্রদর্শনী, নারী ও কৃষক সমাবেশ, কুইজ প্রতিযোগিতা ও অনলাইন ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে।
এছাড়া দারিদ্র্য নিরসন, সামাজিক সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সহনশীলতা বৃদ্ধিতেও বিভিন্ন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানানো হয়।
প্রেস ব্রিফে জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারে আধুনিক প্রচার সরঞ্জাম, সিনেমা ভ্যান ও লজিস্টিক সহায়তা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়। অনুষ্ঠানে জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


