নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের পাঁচপীর দরগাহ সংলগ্ন মুক্তিশপুর এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ অস্ত্রধারী ডাকাত দলের হামলায় নজরুল ইসলাম (৪৬) নামে এক সুতা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
নিহত নজরুল ইসলাম মোগড়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুক্তিশপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৩ মে) গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত এলাকায় হামলা চালিয়ে ডাকাতির ঘটনা ঘটায়। এ সময় ডাকাতদের বাধা দিতে গেলে নজরুল ইসলামসহ কয়েকজন তাদের হামলার শিকার হন।
পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এছাড়া অন্যদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে থানা পুলিশ।
পড়ুন: লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
আর/


