পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সেই ধারাবাহিকতায় অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার (১৪ মে)। আজ বিক্রি হচ্ছে আগামী ২৪ মে’র যাত্রার টিকিট।
রেলওয়ের ঘোষণা অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ কর্মপরিকল্পনা হাতে নিয়েছে রেলওয়ে। পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের অগ্রিম টিকিট ধাপে ধাপে বিক্রি করা হচ্ছে। এর আগে বুধবার (১৩ মে) বিক্রি হয়েছে ২৩ মে’র টিকিট।
এ ছাড়া আগামী ১৫ মে বিক্রি হবে ২৫ মে’র, ১৬ মে ২৬ মে’র এবং ১৭ মে বিক্রি হবে ২৭ মে’র যাত্রার টিকিট।
রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি অগ্রিম টিকিট কিনতে পারবেন। তবে ঈদের অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না।
যাত্রীদের বাড়তি চাহিদার কথা বিবেচনায় নিয়ে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে এ সুবিধা উচ্চ শ্রেণির টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
পড়ুন: লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
আর/


