বিশ্বের শক্তিশালী নেতাদের যৌথভাবে একটি নতুন অধ্যায় রচনা করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (১৪ মে) সকালে বেইজিংয়ের গণমহাভবনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে তিনি এ কথা বলেন।
বৈঠকে শি জিনপিং বলেন, বিশ্ব দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমেই জটিল ও অস্থিতিশীল হয়ে উঠছে।
তিনি আরও বলেন, বিশ্ব এক নতুন সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চীন ও যুক্তরাষ্ট্র কি ‘থুসিডাইডিসের ফাঁদ’ অতিক্রম করে প্রধান শক্তিগুলোর পারস্পরিক সম্পর্কের নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারবে? তারা কি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করে বিশ্বে আরও বেশি স্থিতিশীলতা আনতে পারবে? তারা কি জনগণের কল্যাণ এবং মানবজাতির ভবিষ্যতের দিকে নজর রেখে তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে?
এগুলো ইতিহাসের প্রশ্ন, বিশ্বের প্রশ্ন এবং জনগণের প্রশ্ন। এ ধরনের প্রশ্নের জবাব প্রধান শক্তিগুলোর নেতাদেরই দিতে হবে এবং আমাদের সময়ের জন্য তাদেরই যৌথভাবে একটি নতুন অধ্যায় রচনা করতে হবে, বলেন তিনি।


