ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি নিয়ে নাটকীয়তা, কাল বিলুপ্ত আজ বহাল

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি নিয়ে একদিনের ব্যবধানে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাংগঠনিক কর্মকাণ্ডে শৈথিল্যের অভিযোগে গতকাল শুক্রবার (২১ নভেম্বর) কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলেও আজ শনিবার (২২ নভেম্বর) সেই কমিটি পুনর্বহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

শনিবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বিলুপ্ত করা চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি পুনর্বহাল করা হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এর আগে শুক্রবার কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংগঠনিক কর্মকাণ্ডে শৈথিল্য প্রদর্শনের সুস্পষ্ট অভিযোগে ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ওই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

এদিকে, শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইত নগর এলাকায় যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিলে হামলা, তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মী আহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মিছিলে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে উপজেলা যুবদলের কমিটি বিলুপ্তির ঘোষণা আসায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকের মনে প্রশ্ন দেখা দেয়, ওই ঘটনার সঙ্গে কমিটি বিলুপ্তির সিদ্ধান্তের কোনো যোগসূত্র রয়েছে কি না, কিংবা ঘটনার পরিপ্রেক্ষিতেই কি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে কেন্দ্রীয় যুবদলের প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কারণ হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ডে শৈথিল্যের কথা উল্লেখ করা হয়। মিছিলে হামলার ঘটনার সঙ্গে কমিটি বিলুপ্তির সিদ্ধান্তের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।

একদিনের ব্যবধানে কমিটি পুনর্বহালের মধ্য দিয়ে আপাতত এ নাটকীয়তার অবসান ঘটেছে। তবে গতকাল কমিটি বিলুপ্তির সিদ্ধান্তের পর যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল, তা ছিল স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার অন্যতম বিষয়।

বিজ্ঞাপন

পড়ুন : ‎চট্টগ্রামে চাকরিচ্যুত ব্যাংকারের গোয়ালঘরের তালা ভেঙে তিন গরু চুরি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন