নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, “শিক্ষা ব্যবস্থাকে ফ্যাসিস্ট সরকার ধ্বংসের দ্বারপ্রান্তে, খাদের কিনারায় দাঁড় করিয়ে গিয়েছিল।” তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মাধবদী থানা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক বেসরকারি বৃত্তি প্রদান-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাধবদী থানা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক মোল্লার সঞ্চালনায় ড্রিম হলিডে পার্কে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক বাবু প্রবীর কুমার শাহ, সিআইপি নিজামউদ্দিন ভূঁইয়া লিটন ও আব্দুল মোমেন মোল্লা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. মফিজুল ইসলাম বলেন, নরসিংদীর মাধবদী একটি শিল্পশহর হলেও এখানে কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নেই। প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও মাধবদীর ১২টি ওয়ার্ডে মাত্র তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।
সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, “দিনের ভোট রাতে করা, ডামি নির্বাচন এবং হাজার হাজার কোটি টাকা লুটপাটের মাধ্যমে বিগত সরকার শিক্ষার মান তলানিতে নামিয়ে এনে দেশকে খাদের কিনারায় নিয়ে গেছে। বিএনপি সরকার এর মধ্যেও উন্নয়নের কাজ শুরু করে দিয়েছে। নির্বাচনী ইশতেহার ঘোষণার পর বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনায় ১২ দিনের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। আগামী সংসদের দ্বিতীয় অধিবেশনে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন নিয়ে আলোচনা করা হবে।”
পড়ুন: ইরানের সঙ্গে সম্ভাব্য হামলা না করার বিষয়ে চুক্তি নিয়ে আলোচনা সৌদির: প্রতিবেদন
আর/


