শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে আলু রপ্তানির ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। এখন থেকে আলু, পেঁয়াজসহ সব ধরনের কৃষিপণ্য ও পশুপণ্য দেশের যেকোনো রাজ্যে বাধাহীনভাবে পরিবহন করা যাবে বলে জানিয়েছে নতুন বিজেপি সরকার। এ সিদ্ধান্তকে কৃষক ও ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
সংবাদমাধ্যম NDTV জানিয়েছে, পশ্চিমবঙ্গের আলুচাষি ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নতুন সরকার আন্তঃরাজ্য আলু রপ্তানির ওপর আগের প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করেছে।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলু ছাড়াও পেঁয়াজ, খাদ্যশস্য, তেলবীজ, ফল, সবজি ও পশুপণ্যসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য এখন দেশের যেকোনো অংশে বাধাহীনভাবে পরিবহন করা যাবে। কৃষিপণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনো নিষেধাজ্ঞা বা প্রশাসনিক বাধা থাকবে না।
রাজ্য সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শুভেন্দু অধিকারী বলেন, “আগের সরকার কৃষকদের অসীম কষ্টে ফেলেছিল। আজ থেকে কৃষিপণ্য অন্য রাজ্যে পাঠাতে বাধা দেওয়ার সেই প্রথার অবসান ঘটালাম। আন্তঃরাজ্য সীমান্তে কৃষি বা পশুপণ্য পরিবহনে কেউ বাধা দিতে পারবে না এবং কাউকে হয়রানিও করা হবে না।”
তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার ‘শূন্য সহনশীলতার’ নীতি গ্রহণ করেছে এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কৃষিনির্ভর জেলাগুলোতে বড় ধরনের ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। ২০২১ সালে হুগলি, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমান জেলার ২৫টি আসনের মধ্যে ২১টিতে জয় পেয়েছিল দলটি। তবে ২০২৬ সালের নির্বাচনে একই সংখ্যক আসনের মধ্যে ২১টিতে জয় পায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি), আর তৃণমূল কংগ্রেস সীমাবদ্ধ হয়ে পড়ে মাত্র চারটি আসনে।
বিশেষজ্ঞদের মতে, আলু রপ্তানিতে নিষেধাজ্ঞার কারণে কৃষকদের একটি বড় অংশ তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নেয়। তাদের আশঙ্কা ছিল, সরকার পরিবর্তন না হলে জীবিকা হুমকির মুখে পড়বে। নির্বাচনের ফলাফলেও সেই ক্ষোভের প্রতিফলন দেখা গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন-এর সভাপতি শুভজিৎ সাহা বলেন, আগের সরকারের নির্দেশনার কারণে কোল্ড স্টোরেজ মালিকরা আলু মজুত করা নিয়ে আতঙ্কে ছিলেন। ২০২৪ সালের একটি নির্দেশনার ফলে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েন এবং অনেক কৃষক আত্মহত্যা পর্যন্ত করেছেন বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, ওই নির্দেশনার কারণে ২০২৫ ও ২০২৬ সালে কোল্ড স্টোরেজে আলু মজুত করা হয়নি। ফলে বিপুল পরিমাণ আলু মাঠেই নষ্ট হয়ে গেছে।
পড়ুন: ২২ বছর পর আগামীকাল চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


