বিজ্ঞাপন

ঠাকুগাঁওয়ে মাঠের পাশে পড়ে ছিল এসএসসির উত্তরপত্র

ঠাকুরগাঁও শহরের একটি মাঠ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৫০টি উত্তরপত্র উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ সংলগ্ন শহীদ মিনারের পাশ থেকে খাতাগুলো উদ্ধার করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ খাতাগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।

‎বোর্ড পরীক্ষার মতো স্পর্শকাতর উত্তরপত্র কীভাবে মাঠে পড়ে থাকল, কার দায়িত্বে ছিল এবং কার অবহেলায় এমন ঘটনা ঘটল তা নিয়ে জেলা শিক্ষা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এক সপ্তাহের ব্যবধানে একই এলাকা থেকে দ্বিতীয়বার পরীক্ষার খাতা উদ্ধারের ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হাঁটাহাঁটির সময় শহীদ মিনারের পাশে একটি ব্যান্ডিল পড়ে থাকতে দেখেন কয়েকজন যুবক। কাছে গিয়ে তারা দেখতে পান, সেগুলো এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের উত্তরপত্র। প্রতিটি খাতায় পরীক্ষার্থীদের লেখা উত্তর ছিল। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা।

‎এক অভিভাবক বলেন, আমাদের সন্তানরা সারা বছর কষ্ট করে পরীক্ষা দেয়। সেই খাতা যদি রাস্তায় পড়ে থাকে, তাহলে আমরা কার ওপর ভরসা করব?

‎কয়েকজন এসএসসি পরীক্ষার্থী অভিযোগ করে বলেন, আমরা সারা বছর অনেক কষ্ট করে পড়াশোনা করি, ভালো ফলাফলের আশায় পরীক্ষায় অংশ নিই। কিন্তু সেই পরীক্ষার খাতা যদি এভাবে খোলা মাঠে পড়ে থাকতে দেখা যায়, তাহলে আমাদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা কাজ করাটা স্বাভাবিক। আমরা এখন চিন্তায় আছি, আমাদের খাতা আদৌ নিরাপদ আছে কি না। একটি পাবলিক পরীক্ষার উত্তরপত্র এতটা অরক্ষিতভাবে বাইরে কীভাবে এল, সেটি আমাদের কাছে খুবই উদ্বেগের বিষয়।

‎তারা আরও বলেন,“পরীক্ষার খাতা সংরক্ষণের দায়িত্ব যাদের ওপর থাকে তাদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। কয়েকদিন আগেও একই এলাকায় অন্য পরীক্ষার খাতা পাওয়া গেছে। এরপরও যদি এমন ঘটনা ঘটে, তাহলে বোঝা যায় বড় ধরনের গাফিলতি রয়েছে। আমরা চাই, প্রশাসন দ্রুত ঘটনার তদন্ত করুক এবং যারা এ ঘটনায় জড়িত বা দায়িত্বে অবহেলা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষার্থীর পরীক্ষার খাতা নিয়ে এমন অনিশ্চয়তা তৈরি না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।”

‎এর আগে গত ৯ মে একই এলাকার পাশে অনার্স চতুর্থ বর্ষের সমাজকর্ম বিভাগের ১১টি পরীক্ষার খাতা পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরপর দুটি ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।

‎এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসএসসি পরীক্ষার ৫০টি উত্তরপত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে। খাতাগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

‎এ ব্যাপারে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন বলেন, এসএসসি পরীক্ষার উত্তরপত্র মাঠে পড়ে থাকার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। কীভাবে এবং কার দায়িত্বে থাকা অবস্থায় এসব খাতা বাইরে গেল, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: পশ্চিমবঙ্গ থেকে আলু-পেঁয়াজ রপ্তানির বিষয়ে নতুন সিদ্ধান্ত শুভেন্দুর

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন