ভিলার পার্কের গ্যালারিতে তখন বাজছে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের থিম সং, আর উল্লাসে মাতোয়ারা ৪৩ হাজার দর্শক। শুক্রবার রাতে লিভারপুলকে গুড়িয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে নিজেদের জায়গা নিশ্চিত করেছে অ্যাস্টন ভিলা।
ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে উনাই এমেরির দলের জয় ৪-২ ব্যবধানের। অ্যাস্টন ভিলার হয়ে জোড়া গোল করেছেন ওলি ওয়াটকিন্স।
সবশেষ তিন মৌসুমের মধ্যে দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিল ভিলা। এর আগে ২০২৪/২৫ মৌসুমে তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল।
ম্যাচের প্রথমার্ধের ৪২ মিনিটে দুর্দান্ত কার্লিং শটে ভিলাকে লিড এনে দেন মর্গান রজার্স। চলতি লিগে এটি তাঁর দশম গোল।
বিরতির পর ৫২ মিনিটে ডমিনিক সোবোসলাইয়ের ফ্রি-কিক থেকে হেড করে লিভারপুলকে সমতায় ফেরান অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক।
অলরেডদের সেই আনন্দ স্থায়ী হয়নি মাত্র পাঁচ মিনিট। সোবোসলাইয়ের এক মারাত্মক ভুলের সুযোগ নিয়ে রজার্সের পাস থেকে ভিলাকে আবারও এগিয়ে দেন ওলি ওয়াটকিন্স।
৭৩ মিনিটে পাউ তোরেসের শট লিভারপুল গোলকিপার ফিরিয়ে দিলেও ফিরতি বলে ট্যাপ-ইন করে নিজের দ্বিতীয় গোল পান ওয়াটকিন্স। এই মৌসুমে প্রিমিয়ার লিগের ইংলিশ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ২৪ গোলে সরাসরি অবদান (১৯ গোল, ৫ অ্যাসিস্ট) রেখেছেন এই ফরোয়ার্ড।
৮৯ মিনিটে জন ম্যাকগিনের দূরপাল্লার দর্শনীয় শটে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় ভিলা। যোগ করা সময়ে ভ্যান ডাইক নিজের দ্বিতীয় গোল করলেও তা কেবল লিভারপুলের হারের ব্যবধানই কমিয়েছে।
এই জয়ে টেবিলের শীর্ষ পাঁচে থাকা নিশ্চিত করে চ্যাম্পিয়নস লিগের টিকিট কাটল ভিলা। ৩৭ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে তারা, সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৫৫ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে থাকা বোর্নমাউথ অলরেডদের ঘাড়ে নিশ্বাস ফেলছে।
রোববার (২৪ মে) প্রিমিয়ার লিগের শেষ দিনে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা। অন্যদিকে লিভারপুল ঘরের মাঠ অ্যানফিল্ডে আতিথ্য দেবে ব্রেন্টফোর্ডকে।
পড়ুন:মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝেই ভারত-আমিরাতের বড় প্রতিরক্ষা চুক্তি সই
দেখুন:মহাস্থানগড়ে সাধু সন্ন্যাসীদের মিলনমেলা, প্রকাশ্যে চলে ‘গাজা উৎসব
ইমি/


