চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছেলের হামলায় এক বৃদ্ধ পিতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ইব্রাহীম হোসেন মিলনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
নিহত আহমদ ডিলার (৭০) উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইব্রাহীম হোসেন মিলন মাদকাসক্ত জীবনযাপন করছিল। তার বিরুদ্ধে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। পরিবারের সদস্যদের বাধা উপেক্ষা করে তিনি দিন দিন বেপরোয়া হয়ে ওঠেন।
শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ১০টার দিকে নিজ বাড়িতে মাদক সেবনকে কেন্দ্র করে পিতা আহমদ ডিলারের সঙ্গে মিলনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিলন লাঠি দিয়ে পিতাকে এলোপাতাড়ি মারধর করে। এতে গুরুতর আহত হন আহমদ ডিলার। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মিলনকে আটক করে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম বলেন, “পিতাকে মারধর করে হত্যার অভিযোগে ছেলেকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


