কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সংলগ্ন মেঘনা নদীতে বাদাম ব্যবসায়ীদের একটি নৌকায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতচক্র অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার ভোররাতে আশুগঞ্জের চরচারতলা এলাকা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ভৈরবের চন্ডিবের এলাকার ‘এন এম ট্রেডার্স’ নামে একটি বাদাম ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও নগদ টাকা নিয়ে কর্মচারীরা নৌপথে নবীনগরের বাইশমৌজা বাজারের দিকে যাচ্ছিলেন। নৌকাটিতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপকসহ প্রায় ১০ জন কর্মচারী ছিলেন।
পথিমধ্যে একটি দ্রুতগতির ইঞ্জিনচালিত নৌকায় করে ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র দল এসে তাদের নৌকার গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্র দেখিয়ে সবাইকে জিম্মি করে নগদ টাকা লুট করে নেয় বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। এসময় কয়েকজনকে মারধরও করা হয়।
ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।
প্রতিষ্ঠানটির পরিচালক শামীম আহমেদ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এ রুটে ব্যবসা করছি। হঠাৎ করেই ডাকাত দল নৌকায় উঠে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই সব টাকা নিয়ে চলে যায়।”
এ বিষয়ে তাড়াইল নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।


