বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসব-এ এবার অভিষেক হতে যাচ্ছে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানাম সাঈদের। দক্ষিণ এশিয়ার শিল্প ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করতেই তিনি অংশ নিচ্ছেন এবারের কান উৎসবে।
আগামী ১২ থেকে ২৩ মে ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যাল এ দে কংগ্রেসে অনুষ্ঠিত হচ্ছে উৎসবটির ৭৯তম আসর।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘দক্ষিণ এশীয় নারী উৎকর্ষ ইন সিনেমা অ্যান্ড গ্লোবাল আর্ট’ উদ্যোগের প্রথম সম্মাননাপ্রাপ্তদের একজন হিসেবে নির্বাচিত হয়েছেন সানাম সাঈদ। ইউএস স্টুডিওসের এই উদ্যোগের লক্ষ্য চলচ্চিত্র ও সৃজনশীল অঙ্গনে নারীদের গুরুত্বপূর্ণ অবদানকে আন্তর্জাতিকভাবে তুলে ধরা।
কান সফরে পাকিস্তানের কিংবদন্তি অভিনেত্রী শামিম আরাকে বিশেষভাবে স্মরণ করবেন সানাম। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, শামিম আরার জীবন শুধু একজন অভিনেত্রীর সাফল্যের গল্প নয়, বরং এটি ছিল সংগ্রাম, নেতৃত্ব ও নতুন পথ তৈরির এক অনন্য উদাহরণ।
সানামের ভাষ্য, পুরুষপ্রধান চলচ্চিত্র অঙ্গনে শামিম আরা নীরবে অনেক বাধা ভেঙে নারীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছিলেন। তার অবদান ছিল চলচ্চিত্র শিল্পের ভিত গড়ে দেওয়ার মতো শক্তিশালী।
চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, কানে সানাম সাঈদের অংশগ্রহণ শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পাকিস্তানের শোবিজ ও দক্ষিণ এশিয়ার বিনোদন শিল্পের জন্যও গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত।
পড়ুন : কান চলচ্চিত্র উৎসব: তারকাদের ঝলকানি, নতুন সিনেমা আর এআই বিতর্কে উত্তাল


