হেমন্তের শেষ দিকে এসে, অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি পেরোতেই রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে।
কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও অতি ভারী বৃষ্টিও হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এই পরিস্থিতি আরও প্রায় দুই দিন অব্যাহত থাকতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যশোরে।
মূলত, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবেই বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিপাত হচ্ছে।
আবহাওয়াবিদরা বলছেন, বছরের এই সময়ে ঘূর্ণিঝড়ের প্রভাবে এমন বৃষ্টিপাত অস্বাভাবিক নয়। বরং, সাগরে কোনো লঘুচাপ দেখা দিলে এই অঞ্চলে এসময় এমন আবহাওয়া বিরাজ করে।
এদিকে, নভেম্বরে বৃষ্টি শুরু হলে অনেকের মুখেই শোনা যায়, ‘এই বৃষ্টি এবার শীত নামিয়ে দিয়ে যাবে।’ তাই, তখন তারা শীতের কাপড়, লেপ-কম্বলও আস্তে আস্তে বের করতে শুরু করেন।
কিন্তু চলমান এই বৃষ্টি কি সত্যিই শীত নামিয়ে দিয়ে যাবে, নাকি শীতের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে? আর এবারের শীতই বা কেমন হতে পারে?
শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় আকভান উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়েছে।
আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ অনুযায়ী, দেশের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে যশোরে, ১২৩ মিলিমিটার।
বৃষ্টিপাতের শ্রেণী অনুযায়ী, যখন কোথাও ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়, তখন সেটিকে অতি ভারী বর্ষণ হিসেবে বিবেচনা করা হয়। সেই হিসাবে যশোরে অতি ভারী বর্ষণ হয়েছে।
এ ছাড়া সাতক্ষীরায় ৬০ মিলিমিটার, চাঁদপুরে ৫০ মিলিমিটার, খুলনায় ৪৯ মিলিমিটার, কয়রায় ৪৬ মিলিমিটার, কুমিল্লায় ৪১ মিলিমিটার, মাদারীপুর ও গোপালগঞ্জে ৩৬ মিলিমিটার এবং বরিশালে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকায় একই সময়ে ১৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে।
শুক্রবার সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাই, এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
পাশাপাশি, দেশের সকল সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
বাংলাদেশে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এবং অক্টোবর মাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর ধীরে ধীরে শুষ্ক মৌসুম শুরু হয়।
তবে নভেম্বর মাসেও বঙ্গোপসাগরে লঘুচাপ, নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। আর তখন ভৌগোলিক কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে সারাদেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে।
ওই পূর্বাভাসে বলা হয়, নভেম্বর মাসে ঢাকা বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ২৬ মিলিমিটার হলেও এ বছর ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
একইভাবে, খুলনা বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ২৯ মিলিমিটার হলেও এবার ১৫ থেকে ২৫ মিলিমিটার, বরিশাল বিভাগে স্বাভাবিক ৪৪ মিলিমিটারের বিপরীতে ৩০ থেকে ৪০ মিলিমিটার, চট্টগ্রাম বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত ৩৯ মিলিমিটার ধরা হলে এবার ৩৫ থেকে ৮০ মিলিমিটার, সিলেটে ২৫ মিলিমটারের বিপরীতে ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখানো হয়েছে।
এমনিতে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে নভেম্বরে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের দিন দিনসংখ্যা তিন থেকে পাঁচ দিন উল্লেখ করা হয়েছে। তবে এ বছর বিভিন্ন বিভাগে গড়ে দুই থেকে চার দিন বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। এরই মধ্যে গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ও রোববারও এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে চলমান বৃষ্টির দিনগুলো হিসাব করলে তা নভেম্বরের জন্য পূর্বাভাস দেওয়া বৃষ্টির দিনসংখ্যার কাছাকাছি পৌঁছাতে পারে, কোথাও কোথাও ছাড়িয়েও যেতে পারে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছিল।
এর মধ্যে একটি বা দুটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানানো হয়।
পড়ুন : ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে মোংলা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত


