মেহেরপুরের গাংনী উপজেলায় ৫ লক্ষ টাকা চাঁদার দাবিতে বোমা সদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড় রেখে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার রাতের কোনো এক সময় উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা হাজীপাড়া এলাকার বজলুর রহমানের বাড়ির গেটের সামনে এসব রেখে যায় দুর্বৃত্তরা।
বজলুর রহমান হাড়াভাঙ্গা গ্রামের নৈমুদ্দীনের ছেলে। একই গ্রামের ফৈমুদ্দীনের ছেলে ইউসুফ আলী তার চাচাতো ভাই। ইউসুফ আলী একসময় প্রবাসে থাকলেও বর্তমানে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছেন।
চিরকুটে লেখা ছিল, “ইউসুফ ৫ লাখ টাকা দিবি। আর না দিলে তোকে ও তোর ছেলেকে হত্যা করা হবে।”
স্থানীয়রা জানান, ইউসুফ আলী ও তার ছেলে রাসেলকে উদ্দেশ্য করে কাফনের কাপড়, চিরকুট ও বোমা সদৃশ বস্তু রেখে ভয়ভীতি দেখানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহিবুল ইসলাম বলেন, রাতের আঁধারে কে বা কারা ইউসুফ আলীর চাচাতো ভাই বজলুর রহমানের বাড়ির সামনে এসব রেখে যায়। চিরকুটে ইউসুফ আলী ও তার ছেলেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, সাদা টেপ দিয়ে মোড়ানো একটি বোমা সদৃশ বস্তু, চিরকুট ও কাফনের কাপড় উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।
পড়ুন- রাজধানীতে ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, অলি-গলিতে জলাবদ্ধতা


