বিজ্ঞাপন

নেত্রকোনায় ধান কাটার মজুরি চাওয়ায় শ্রমিককে হত্যা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাওনা টাকাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে বাবুল মিয়া (৬২) নামে এক বয়োবৃদ্ধ শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (১৭ মে) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল পূর্বপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত বাবুল মিয়া ওই গ্রামেরই মৃত সোনাহর মিয়ার ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন এবং দীর্ঘদিন ধরে ধান ভাঙার মেশিনে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্র ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ২০-২৫ দিন আগে একই গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ক্ষেতের ধান কাটার কাজ করেছিলেন বাবুল মিয়ার ছেলে মো. সিরাজুল ইসলাম। সেই শ্রমের বাবদ হাবিবুর রহমানের কাছে ১০-১৫ হাজার টাকা পাওনা ছিল সিরাজুলের।

আজ (রবিবার) সকাল সাড়ে ৮টার দিকে সিরাজুল ইসলাম বরদল গ্রামের পাশের জমিতে শ্রমিক হিসেবে অন্য ধান কাটার কাজ করছিলেন। ওই সময় সেখানে হাবিবুর রহমানের দেখা মিললে সিরাজুল তার ন্যায্য পাওনা টাকা চান। টাকা দেওয়া নিয়ে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও একপর্যায়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগ উঠেছে, কথাকাটাকাটির একপর্যায়ে হাবিবুর রহমানের সঙ্গে থাকা সাদ্দাম, মোস্তাকিম ও মোজাকিমসহ কয়েকজন মিলে সিরাজুল ইসলামের ওপর চড়াও হন এবং তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন।

নিকটবর্তী স্থানে থাকা সিরাজুলের বাবা বাবুল মিয়া ছেলেকে মারধরের শিকার হতে দেখে তাকে বাঁচাতে মরিয়া হয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে জানান, বাবুল মিয়া এগিয়ে এলে অভিযুক্তরা অত্যন্ত বর্বরোচিতভাবে তার দাড়ি ধরে মাটিতে ফেলে দেয় এবং বুকের ওপর চড়ে উপর্যুপরি কিল-ঘুষি মারতে থাকে। বৃদ্ধ বাবুল মিয়া গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে এবং স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবুল মিয়াকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৌভিক শ্রাবণ দত্ত সাংবাদিকদের বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই বাবুল মিয়ার মৃত্যু হয়েছিল। আমরা বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করি।’

খবর পাওয়ার পরপরই থানা পুলিশের একটি দল হাসপাতাল এবং ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। বর্তমানে নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, ‘ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত হাসপাতাল ও ঘটনাস্থলে ছুটে গেছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পড়ুন- স্ত্রী-কন্যাসহ হামাসের সামরিক প্রধান নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন