জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের মুন্নিয়ার চর গ্রামের ঘরহীন হানিফ দম্পতির মানবেতর জীবনযাপনের চিত্র ভাইরাল হওয়ার পর মানবিক উদ্যোগে তাদের জন্য নতুন বসতঘর নির্মাণ করে দিয়েছে ইসলামপুর উপজেলা প্রশাসন।
জানা যায়, দীর্ঘদিন ধরে আট সদস্যের পরিবার নিয়ে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছিলেন হানিফ। মাথা গোঁজার স্থায়ী কোনো আশ্রয় না থাকায় প্রতিনিয়ত অনিশ্চয়তা আর কষ্টে কাটছিল তাদের জীবন। পরিবারের এই করুণ বাস্তবতার চিত্র রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন, জামালপুর-এর ফেসবুক পেজে প্রকাশ করা হলে তা অল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে এবং বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।
খবরটি জানতে পেরে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন দ্রুত মানবিক উদ্যোগ গ্রহণ করেন। তাঁর নির্দেশনায় স্বল্প সময়ের মধ্যেই হানিফ পরিবারের জন্য একটি নতুন বসতঘর নির্মাণ সম্পন্ন হয়। শনিবার সকালে ইউএনও নিজে উপস্থিত থেকে নবনির্মিত ঘরটি আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে হস্তান্তর করেন।
ইসলামপুর উপজেলা প্রশাসনে অর্থায়নে নির্মিত ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগের সহকারী পরিচালক মানসূর আহমাদ আবির, জামালপুর জেলার সভাপতি শেখ ইল্লাল এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।
স্থানীয়দের মতে, একটি সামাজিক উদ্যোগ এবং প্রশাসনের দ্রুত ও মানবিক সিদ্ধান্তের সমন্বয়ে অসহায় একটি পরিবার ফিরে পেল নিরাপদ আশ্রয়। তারা বলেন, প্রশাসনের এমন জনকল্যাণমূলক পদক্ষেপ সমাজে মানবিকতা ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হানিফ ও তার পরিবারের সদস্যরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পড়ুন- দেশের স্বার্থকে সবার ওপরে স্থান দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী


