জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘ট্রেন টু ম্যানিয়াক’-এর একটি সেশনে ‘ক্রিয়েটিভ ম্যানিয়াক ৩.০’ এবং ‘ট্রেন টু ট্রান্সফর্ম’ শীর্ষক দুইটি কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সহায়ক ও উৎসাহব্যঞ্জক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, ক্যারিয়ার ক্লাবের সদস্যদের নিজেদের ক্যারিয়ার গঠনের মাধ্যমে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তাহলেই তারা অন্যান্য শিক্ষার্থীদের কাছে আইকন হিসেবে বিবেচিত হবে এবং ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হয়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা ক্লাব হিসেবে অভিহিত করে বলেন, বর্তমানে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের পাশাপাশি একাডেমিয়া-সোসাইটি কোলাবোরেশনেও গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের শিক্ষা, ক্যারিয়ার ও কর্মক্ষেত্র সমাজে কী ধরনের ইতিবাচক প্রভাব ফেলছে সে বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, সফলতা অর্জনের জন্য শুধু লক্ষ্য নির্ধারণ করলেই হবে না; সফলতার প্রকৃত সংজ্ঞা অনুধাবন করে তার জন্য প্রয়োজনীয় নিষ্ঠা, পরিশ্রম ও আত্মনিবেদন নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের মডারেটর মোঃ শফিকুল ইসলাম ও মোঃ আল আমিন, ক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা।
এছাড়াও ‘ট্রেন টু ম্যানিয়াক’-এর আরেকটি সেশন ‘ফিউচার রেডি প্রফেশনাল স্কিলস ফর ইউনিভার্সিটি স্টুডেন্টস’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন জামশেদ আমিন।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতা ও কার্যক্রমে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পড়ুন : ঈদ যাত্রায় জবি শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিবে বিশ্ববিদ্যালয়ের বাস


