গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংক টেংরা-শ্রীপুর শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
শনিবার (১৪ নভেম্বর) দিনগত রাতে আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়। তবে ব্যাংকের কর্মকর্তা ও নৈশপ্রহরী মিলে আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংক সূত্রে জানা যায়, উপজেলার টেংরা এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংক শাখাটি দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। ওই শাখার ভেতরে আবাসিক কোয়ার্টার রয়েছে। অন্যান্য দিনের মতো শনিবার কাজ শেষ করে অফিস তালাবদ্ধ করে কোয়ার্টারে চলে যান কর্মকর্তারা। রাতে নৈহপ্রহরী দায়িত্বরত ছিলেন। রাত ২টার দিকে নৈশপ্রহরীর চিৎকার শুনে কর্মকর্তারা এসে আগুন দেখতে পান। পরে তারা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভান।
গ্রামীণ ব্যাংক টেংরা-শ্রীপুর শাখার নৈশপ্রহরী মো. ফরিদ জানান, রাতে তিনি কার্যালয়ের নিচতলার একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত সীমানা প্রাচীর টপকে আগুনের কুণ্ডলী তৈরি করে ভবনের গেটের ভেতরে নিক্ষেপ করে। আগুন দেখতে পেয়ে তিনি চিৎকার দিলে দুর্বৃত্তরা চলে যায়। চিৎকার শুনে উপরে থাকা কর্মকর্তারা সঙ্গে সঙ্গে নিচে নেমে আসেন। পরে সবাই মিলে আগুন নিভিয়ে ফেলেন।
শাখাটির ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, ঘটনার পর রাতেই ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ঘটনার পর রাতেই পুলিশ পাঠানো হয়েছে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
পড়ুন : মেহেরপুর বিএনপির গণমিছিল ও সমাবেশ


