চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুর টোল আদায় বন্ধের দাবিতে সড়ক ভবন ঘেরাও ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার (১৮ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সকাল থেকেই (সওজ) কার্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হয়ে টোল প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন আন্দোলনকারীরা। প্রায় এক ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মহানন্দা সেতুতে টোল আদায়ের কারণে সাধারণ মানুষ, পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
অবস্থান কর্মসূচি শেষে আন্দোলনকারীরা মহানন্দা সেতুর টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং সেতুর উভয় পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী, পণ্যবাহী যানবাহনের চালক ও সাধারণ পথচারীরা।
কর্মসূচিতে বিভিন্ন পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য, পরিবহন মালিক, ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, আইনজীবী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, “মহানন্দা সেতুর টোল আদায় সম্পূর্ণভাবে বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।” তারা অতীতের আন্দোলনের ইতিহাস তুলে ধরে দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি হলো মহানন্দা সেতুর টোল প্রত্যাহার। সাধারণ মানুষের স্বার্থে দ্রুত এ সিদ্ধান্ত কার্যকর না হলে বৃহত্তর আন্দোলনের দিকে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
পড়ুন- ইরানে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র


