ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভূমিসেবা মেলা শুরু হয়েছে। ভূমিসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের সড়কবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
পরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া। আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেলা চলবে।
মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান, ভূমি সংক্রান্ত অনলাইন সেবা ও নাগরিক সহায়তাসহ বিভিন্ন বিষয়ে মোট আটটি স্টল বসানো হয়েছে। এসব স্টলে আগত সেবাগ্রহীতাদের তাৎক্ষণিক তথ্য ও পরামর্শ দেওয়া হচ্ছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিলউদ্দিন মাহমুদ বলেন, “ভূমিসেবা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে ভূমিসেবা গ্রহণের বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। মেলায় এসে মানুষ সরাসরি বিভিন্ন সেবা ও প্রয়োজনীয় তথ্য পাচ্ছেন।”
পড়ুন- ‘ভারতের মানচিত্র বদলে যাবে’ হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী


