মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম শফিকুল আলমের বড় ভাই আতিকুর রহমান হানিফের বাড়ির প্রবেশ পথের সামনে থেকে একটি বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ মে) সকালে বোমা সাদৃশ্যবস্তু দেখতে পায় স্থানীয়রা । আতিকুর রহমান হানিফ গাংনী উপজেলার চর গোয়াল গ্রামের সদরপাড়ার বড় মসজিদপাড়ার রিয়াজ উদ্দিন মন্ডল (ইজোদ্দি মন্ডল) এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফের বাড়ির মূল ফটকের সামনে একটি পলিথিন ব্যাগের মধ্যে লাল টেপে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু ও একটি চিরকুট দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি ও চিরকুট উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
পড়ুন- ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু


